নতুন বিপিএলের শুরুর দিনে টস ভাগ্য ভালোই হলো মাশরাফি বিন মুর্তজার। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস জিতে শুরু হলো তার বিপিএল যাত্রা। আর জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মাশরাফি। তাই কুমিল্লার বিপক্ষে ব্যাটিং করছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ১২২ রান।
কুমিল্লার হয়ে খেলছেন ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ী বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস, জাতীয় দলের হয়ে ৩টি করে টেস্ট ও টি-২০ এবং ৯টি ওয়ানডে খেলা উইকেটরক্ষক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ ও স্পিনার আসার জাইদি। এছাড়াও দলে রয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার মারলন স্যামুয়েলস এবং পাকিস্তানী পেসার সোহেল তানভীর। তাই সববিভাগেই বেশ ভারসাম্যপূর্ণ দল কুমিল্লা। এবারও শিরোপা ধরে রাখার মিশনেই নামবে কুমিল্লা।
তবে নিজের লক্ষ্য জানাতে গিয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ‘শুরুটা ভালো করতে চাই। তারপর চ্যাম্পিয়ন হবার দিকেই এগুতে থাকব’
কুমিল্লার মতই বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল চিটাগাংও। তামিমের সাথে আছেন ওপেনার এনামুল হক বিজয়, অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক, পেসার তাসকিন আহমেদ, মোহাম্মদ নবীর মত লেগ-স্পিনার। এছাড়াও রয়েছেন ক্যারিবীয় ডুয়াইন স্মিথ ও পাক অলরাউন্ডার শোয়েব মালিক।
তবে দলের অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, ‘আমাদের দল হিসেবে খেলতে হবে। ব্যক্তিগতভাবে যতটাই ভালো খেলেন না কেনও, দল হিসেবে না খেললে সাফল্য পাওয়া সম্ভব হবে না। আমি গত বছর ব্যক্তিগতভাবে ব্যাটিং ভালো করেছিলাম। কিন্তু দল হিসেবে ভালো করতে না পারায়, আমার পারফরম্যান্সের কোনও মূল্য ছিল না। এবার যদি আমি গড় পারফরম্যান্সও করি, আর দল যদি ভালো করে তাহলে আমার সেই গড় পারফরম্যান্সের বেশি মূল্য থাকবে।’
তাই দুই দলের এমনসব তারকাদের অন্তর্ভূক্তিতে বিপিএলের চতুর্থ আসরে আবারো নতুনভাবে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচটি যে উত্তেজনায় ঠাসা থাকবে এতে কোন সন্দেহ নেই।







