নিজেদের টেস্ট ইতিহাসের ১৬ বছরে এই প্রথম ভারতের মাটিতে সাদা পোশাকে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত এই মুহূর্তে টেস্টের নাম্বার ওয়ান দল। লাল-সবুজের প্রতিনিধিরা আছে টেবিলের নয়ে। হায়দরাবাদে শীর্ষ দলের বিপক্ষে নিজেদের প্রমাণের মঞ্চে বৃহস্পতিবার টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে মুশফিকুর রহীমের দল।
রাজীব গান্ধী স্টেডিয়ামে ব্যাটে-বলের লড়াই শুরু হবে সকাল ১০টায়। মাঠে নামার আগে ভারতই ফেভারিট থাকছে। তবে বাংলাদেশ লড়াই করতে চাইছে চোখে চোখ রেখে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকদের গুরু হাথুরুসিংহে বলে গেছেন এই ম্যাচে জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়বে তার শিষ্যরা।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীমের জন্য এই ম্যাচটি ‘বিশেষ কিছু’ হতে পারে। ব্যাট হাতে আর ৭৮ রান করলেই ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ৫১ টেস্টের ৯৪ ইনিংসে ২৯২২ রান করেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় তিনি।
বাংলাদেশের হয়ে ৩ হাজার রানের মাইলফলকে ইতিমধ্যে পা রেখেছেন হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। শুধু তাই নয়; হায়দরাবাদ টেস্টে আর ৮টি ডিসমিসাল করতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে একশ ডিসমিসালের মালিক হবেন তিনি।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ:
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব এবং ইশান্ত শর্মা।









