প্রতিকূল আবহাওয়ার মধ্যে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়েই দক্ষিণের ঘরমুখো মানুষরা নৌপথে বাড়ি ফিরছেন।
পরিবারের সবার সঙ্গে ঈদ করতে অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে উঠে দক্ষিণাঞ্চলের হাজারো ঘরমুখো মানুষরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় করছেন। বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা থাকলেও দ্বিতীয় দিনেও যাত্রীদের চাপ ছিলো চোখে পড়ার মতো।
অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠছেন অনেকেই। ছাদে ভ্রমণ নিষিদ্ধ হলেও মানছেন না বেশিরভাগ যাত্রী। নিরাপদে যাওয়ার চেয়ে আগে যাওয়াকে প্রাধান্য দিচ্ছেন ঘরমুখো মানুষেরা।
যাত্রীদের চাপে কিছু অতিরিক্ত যাত্রী নিতে বাধ্য হচ্ছেন বলে জানান লঞ্চ মালিকরা। তবে এ বিষয়ে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের।
ঈদ স্পেশাল সার্ভিস শুরুর পর থেকে সদরঘাট টার্মিনালে লঞ্চের জায়গা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মালিকরা। তাদের অভিযোগ, একটি লঞ্চের পেছনে আরেকটি লঞ্চ থাকায় ছেড়ে যেতে দেরি হচ্ছে।







