বাংলাদেশের বিপক্ষে ১১৬ রানের স্বল্প লক্ষ্যে সাবধানী শুরুর পর জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। ১৩ ওভার পর্যন্ত সররকারীদের স্কোর ১ উইকেটে ৮২ রান। হজরতউল্লাহ জাজাই ৩৬ এবং উসমান ঘানি ৪১ রানে ক্রিজে আছেন।
প্রথম ওভারের শুন্য রানেই উইকেট হারাতে পারতো আফগানিস্তান। নাসুম আহমেদের করা তৃতীয় বলে জাজাই স্লগ করতে যান। বল উপরে তুলে দেন। বোলিং প্রান্তে থাকা নাসুম একেবারে সহজ ক্যাচ বিস্ময়করভাবে হাত থেকে ফেলে দেন।
পরের ওভারেই টাইগারদের ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদী হাসান। তার করা তৃতীয় বলে ৩ রান করা রহমতউল্লাহ গুরবাজ হিট করলেও বল তার ব্যাটের উপরে লেগে উঠে যায়। কভারে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
পাওয়ার প্লেতে বাংলাদেশ করতে পেরেছিল ২ উইকেটে ৩৩ রান। আফগানরা অবশ্য স্বাগতিকদের চেয়ে এক রানের বেশি করতে না পারলেও হারিয়েছিল এক উইকেট কম। যদিও পরে অতিথি দল মারমুখী হওয়া শুরু করে।
এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান।
টাইগার অধিনায়ক করেন ১৪ বলে ২১ রান। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর ৪৩ রানে জুটিতে ভর করে একশ পেরোয় বাংলাদেশ। শুরুতে নড়বড়ে থাকা মুশফিকু রহিমের ব্যাটে এসেছে সর্বোচ্চ ৩০ রান।







