ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সেরা বাংলা ছবি’র পুরস্কার পেয়েছে বাংলাদেশের জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবিটি। পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হলো আজ শুক্রবার সকালে।
জয়া এখন আছেন ভারতের কলকাতায়। গতকাল বৃহস্পতিবার সেখানে গিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ‘বিসর্জন’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল। এখন সেখানে তিনি ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন।
কিছুদিন আগে ‘বিসর্জন’ ছবি নিয়ে আলাপ প্রসঙ্গে জয়া বলেন, ‘পদ্মা আমার জীবনের অন্যতম সেরা চরিত্র। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে এমন একটি চরিত্র দিয়েছেন।’
‘বিসর্জন। না, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়; শতভাগ মৌলিক গল্প। পদ্মা গ্রামের বিধবা মেয়ে। তার জীবনসংগ্রাম, প্রেম। এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কোনো সংজ্ঞা নেই। রয়েছে দুই বাংলার কথা। আমি তো বলব অনেক দিন পর একটা সত্যিকারের প্রেমের গল্প দেখবেন দর্শক।’ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন জয়া আহসান।
‘রাজকাহিনী’র পর কলকাতায় জয়ার নতুন ছবি ‘বিসর্জন’। এবারই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। বললেন, ‘পরিচালক কৌশিকদার সঙ্গে অবশ্যই প্রথম কাজ। কিন্তু বছর চারেক আগে অরিন্দম শীলের “আবর্ত” ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি।’











