প্রথম দুই ম্যাচে অনেক রেকর্ডসহ দারুণ দুই জয় তুলেছিলেন পাকিস্তানে ওয়ানডে বিশ্বকাপের বাছাই খেলতে নামা বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচেও স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। টপঅর্ডারের তিন ফিফটিতে নিজেদের দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে টিম টাইগ্রেস।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনার ইসমা তানজিম ১৪ করে আউট হন। ফিফটি তুলে নেন ফারজানা হক। জ্যোতির ব্যাটে মিলেছে ঝড়। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের রেকর্ড সংগ্রহ জমায় বাংলাদেশ।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ে নেমে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছির বাংলাদেশ। আগে ব্যাটে নামা টাইগ্রেস দল নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল। ওয়ানডেতে যা টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল। এবার সেটিও ছাড়িয়ে গেলেন জ্যোতিরা। টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন ২৭৬ রানের।
বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন। তার আগে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান ওপেনার ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা। দুই ব্যাটারই ৫৭ করে আউট হন।
দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর ব্যাটিং করা রিতু মনি এদিন বেশি করতে পারেননি। ১২ করে আউট হন। জ্যোতিকে ভালো সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন। ফাহিমা ২২ বলে ২৬ রানে আউট হন। স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রাইস নেন ২টি উইকেট। র্যাচেল স্ল্যাটার, কোল অ্যাবেল, প্রিয়নাজ চ্যাটার্জি এবং ক্যাথেরিন ফ্রেসার একটি করে উইকেট নেন।
ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে। ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।








