জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সোমবার কক্সবাজারে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
এই সফর নিয়ে নিজের অফিশিয়াল টুইটার পেজে কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
মঙ্গলবার ভোর ৫টার পর ‘বেস্ট অব অ্যাঞ্জেলিনা জোলি’ নামের আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে সোমবারের ক্যাম্প পরিদর্শনের ৪টি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা:
‘রোহিঙ্গা শরণার্থীদের মানবিক চাহিদা এবং তাদের আশ্রয় দানকারী দেশ হিসেবে বাংলাদেশ কী কী জটিল চ্যালেঞ্জের মুখে রয়েছে তা নিরূপণ করতে ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে কক্সবাজারে রয়েছেন।’
পোস্ট করা চারটি ছবির মধ্যে দু’টিতে দেখা যায়, সাদা পোশাকে জনপ্রিয় এই হলিউড তারকা স্থানীয়সহ ইউএনএইচসিআরের কর্মকর্তাদের নিয়ে ক্যাম্প সফর করছেন।
বাকি দু’টি ছবিতে তাকে ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলতে ও সময় কাটাতে দেখা যায়।
বেস্ট অব অ্যাঞ্জেলিনা জোলি’র এই টুইটটি জোলির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করা হয়।
এর আগে সোমবার বাংলাদেশে পৌঁছানোর পর এ নিয়ে ইউএনএইচসিআরের কিছু সংবাদের লিংকও রিটুইট করেন জোলি।
UNHCR Special Envoy Angelina Jolie is in Cox’s Bazar to assess the humanitarian needs of the Rohingya refugees and critical challenges facing Bangladesh as a host country. February 4, 2019 pic.twitter.com/bpPs5h84OI
— best of angelina jolie (@bestofajolie) February 4, 2019
আজ চলছে রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলির দ্বিতীয় দিন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ইনানীর রয়েল টিউলিপ থেকে তিনি প্রথমে যান ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। ওখানে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন তিনি।
এরপর এ অভিনেত্রী যান রেডক্রিসেন্ট হাসপাতালে, সেখানে থাকা শারীরিক এবং মানসিক অসুস্থ রোগীদের সঙ্গে আলাপ করেন। খোঁজ-খবর নেন তাদের চিকিৎসা সেবার এবং কথা বলেন স্বাস্থ্যকর্মীর সাথেও। এরপর তিনি যান কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে।
ওখানে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন তিনি। বিকেলে ৫ নম্বর ক্যাম্পে গণমাধ্যমের সামনে কথা বলবেন তিনি।








