জেনারেল রবের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল হবিগঞ্জের বানিয়াচং থানার শান্তি কমিটির চেয়ারম্যান মহিবুর রহমান ওরফে বড় মিয়া। একাত্তরের সেই সমস্ত মানবতাবিরোধী অপরাধে বড় মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এছাড়া তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রায়ের পর স্বস্তি জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক কলি আবিদা নাসরিন। 
তিনি লিখেছেন, ‘আমার বাবার বড় ভাই।আমার বড় চাচা বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রব। মুক্তিযুদ্ধ চলাকালে সহ সরভাধিনায়ক ছিলেন। উনার এই ভূমিকার জন্য যুদ্ধ চলাকালীন নয় মাস আমাদের পরিবারকে অসহনীয় যন্ত্রনার শিকার হতে হয়েছে। আর পাকিস্তানী সেনাবাহিনীর সংগে হাত মিলিয়ে যারা আমাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছিলো। মেজর জেনারেল রবের এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলো। মানুষ মেরেছিলো নিদ্ধিধায়। সেই বড় মিয়ার আজ রায় হলো।বিচারে তার ফাসি হয়েছে।অন্যদের আজীবন জেল হয়েছে। এটাই আবারও প্রমানিত হলো অন্যায়কারীর সাজা হবেই। হতে বাধ্য।’







