মাশরাফীর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে জিম্বাবুয়ের অগ্রযাত্রার লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। দুটি বড় জুটি ভাঙতে বোলিং পরিবর্তনে চমক দেখিয়ে সাফল্য পান বাংলাদেশ অধিনায়ক।
জিম্বাবুয়ে- ১৭৮/৩ (৩৫)
চট্টগ্রামে টস জিতে আগে বল করতে নেমে মাশরাফী ও মোস্তাফিজুর রহমান মিলে ৪ ওভার বোলিং করে উইকেট তুলতে ব্যর্থ হন। জিম্বাবুয়ের দুই ওপেনার সেই সুযোগে স্কোর বোর্ডে রান বাড়াতে থাকেন।
মাশরাফী স্মরণ করেন তরুণ পেসার সাইফউদ্দিনকে। অধিনায়কের আস্থার প্রতিদান দেন প্রথম ওভারেই। তার শুরুর ওভারে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন সফরকারী অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
অধিনায়ক ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে দেখেশুনে এগোচ্ছিলেন ব্রেন্ডন টেলর ও জোয়াও। মাঝে মাঝে বড় শটও খেলছিলেন। এই জুটিকে বিচ্ছিন্ন করেন মেহেদী হাসান মিরাজ। তাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ফজলে মাহমুদের হাতে ক্যাচ দেন জোয়াও (২০)।
এরপর স্কোর বড় করছিলেন টেলর এবং উইলিয়ামস। দুজনে ৭৭ রানের জুটি গড়ে ফেলেন। আক্রমণে থাকা বোলাররা দুজনকে বিপাকে ফেলতে পারছিলেন না। মাশরাফী তখন রিয়াদকে ডাকেন। এসেই ব্রেক-থ্রু এনে দেন তিনি। তাকে রিভার্স-সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টেলর। ফেরার আগে ৭৩ বলে ৯ চার এক ছয়ে ৭৫ রান করেন।







