জিম্বাবুয়ের ‘লঙ্কাকাণ্ডে’ ‘ভুঁড়িওয়ালা’দের হার

‘ক্রিকেট খেলতে হলে ভুঁড়ি কমাও’ এমন বাণীতে লঙ্কান ক্রিকেট যখন টালমাটাল, ঠিক তখন জিম্বাবুয়ের বিপক্ষে বাজেভাবে হেরে গেছে লাসিথ মালিঙ্গারা।
এই জিম্বাবুয়েকে শেষ কবে দেখা গেছে, নিশ্চয়ই অনেকে মনে করতে পারবেন না। ৩১৭ রানের টার্গেট। শ্রীলঙ্কায় আবার এত রান তাড়া করে জেতার নজির নেই। জিম্বাবুয়ে কি না চার উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে সেটা টপকে গেল!
এই অসম্ভব সম্ভব হয়েছে সলোমন মায়ারের তাণ্ডবে। ৯৬ বলে ১১২ বল খেলে দলকে জয়ের পথে নিয়ে যান। মিডলঅর্ডারে তাকে সঙ্গ দেন ৬৫ রান করা শেন উইলিয়ামস।
শেষদিকে অপরাজিত থেকে বাকি কাজটুকু সারেন সিকান্দার রাজা (৬৭) এবং ওয়ালার (৪০)।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বড় সংগ্রহ পায় গুনিথিলাকা (৬০), কুসল মেন্ডিস (৮৬), উপল থারাঙ্গার (৭৯*) ব্যাটে ভর করে।
লঙ্কান বোলাররা এদিন খুব একটা ভালো করতে পারেননি। মন্ত্রীকে ‘বানর’ বলে বিপাকে পড়া মালিঙ্গা ৯ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী এই মালিঙ্গাকে উদ্দেশ্যে করেই বলেছিলেন, ‘ক্রিকেটারদের পেট মোটা হয়ে যাচ্ছে, তাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে বাদ পড়েছে।’ এই কথা শুনে খেপে যান মালিঙ্গা। মন্ত্রীকে বানরের সঙ্গে তুলনা করেন। পরে স্থগিত নিষেধাজ্ঞা পেতে হয়েছে। ৬ মাসের ভেতর আবার এমন আচরণ করলে, কড়া শাস্তি পেতে হবে তাকে।
এদিন মালিঙ্গা বাদে উইকেট পেয়েছেন আর দুইজন, অকিলা ধনঞ্জয়া (১টি) এবং আসিলা গুনারত্নে (২টি)।
এই জয়ের পর ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী জিম্বাবুয়ে।




