‘২০০৮ সাল, এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি। পরীক্ষার হলে বসে অবজেক্টিভ শিটের জন্য অপেক্ষা করছিলাম। বসে থাকার বিরক্তি কাটাতে প্রশ্নের পিঠেই লিখে ফেললাম মাথায় ঘুরতে থাকা কয়েকটা লাইন’।
সেই লাইনগুলো হয়ে গেলো গান ‘ যদি থাকতো ডানা’। সংগীত পরিবারের মেয়ে সভ্যতা’র প্রথম একক অ্যালবাম প্রকাশের ইচ্ছেটাও ডানা মেললো এই নামেই।
রক ও জ্যাজ ঘরানার গানে ভক্ত- শ্রোতাদের মাতাতে জিপি মিউজিকে এসেছে সভ্যতার সাতটি গানের এই অ্যালবাম।
সংগীত সাধনায় সাবলীল সভ্যতা চ্যানেল আই অনলাইনকে শোনালেন ‘যদি থাকতো ডানা’র পেছনের গল্প।

গোল ফ্রেমের চশমা, আউলা চুলের শহুরে বাউলা আমেজের এই প্রাণোচ্ছল মানুষটি বলেন,‘ এই অ্যালবামের গানগুলো লিখতে শুরু করেছিলাম ২০০৭ সালে আমার প্রথম একক গান ‘ও আমি’ প্রকাশের পর থেকে। কিন্তু নিজের গানে নিজেকেই সন্তুষ্ট করতে পারছিলাম না। সময়ের সাথে হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিলো না আমার। তাই অপেক্ষা করলাম। একটা লম্বা সময় নিজেকে সংগীত শিল্পী হিসেবে গড়ার চেষ্টা করলাম। সংগীত সাধনায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করলাম। সংগীত যাত্রায় সঙ্গে পেলাম আরও দারুণ কয়েকজনকে’।
নিজের লেখা ও সুর করা ৬ টি গান এবং ভাই খৈয়াম সানু সন্ধি’র সুরে ‘ত্রিরত্ন’ নামের একটি শ্রদ্ধার্ঘ সংগীতে অ্যালবামটি সাজিয়েছেন সভ্যতা। রবি, নজরুল এবং দ্বিজেন্দ্র লাল রায়কে শ্রদ্ধা নিবেদন করেই ‘ত্রিরত্ন’। গানগুলোর সংগীতায়োজনে আছেন পিয়ানিস্ট শাহরিন শাহরিয়ার, বেজ গিটারে অ্যালিস্টার সরকার রাজ এবং ড্রামার সামিউল ওয়াহিদ।







