প্রীতি ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে জয় পেলেও সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি জার্মানি। অস্ট্রিয়া কাছে হারের পর সৌদির বিরুদ্ধে ঘাম ঝরিয়ে জার্মানরা জিতেছে ২-১ গোলে। গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান পেনাল্টি সেভ না করলেও এই ম্যাচে জয়হীন থাকতে হত বিশ্ব চ্যাম্পিয়নদের।
সরল হিসাবে বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে এই জয়কে জার্মানদের জন্য ভালো প্রস্তুতি বলা গেলেও চ্যাম্পিয়নদের জন্য এটা এক বার্তাও। তারা যে নিজেদের শতভাগ দিতে পারছে না এই ফল তারই সাক্ষ্য বহন করছে। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলও যে জোয়াকিম লোর শিষ্যদের জন্য কঠিন বাধা তাও দেখা গেল।
ম্যাচের ৮ মিনিটে টিমো ওয়ের্নারের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে দ্বিতীয়বার এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকলেও ডিফেন্স ও মাঝমাছে স্বস্তিতে ছিল না লোর দল।
প্রথার্ধের পর দ্বিতীয়ার্ধেও সৌদি আরব কে একের পর এক সুযোগ দেয় জার্মানি। এর মধ্য স্বাগতিকরা একটি গোল শোধও করে। পরে টের স্টেগান পেনাল্টি সেভ করে দলকে ড্রয়ের হাত থেকে রক্ষা করেন।
ওয়ের্নার, মুলার, মারিও গোমেজরা অনেক সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত নায়ক হতে পারেননি।
জার্মানির জয়ের রাতে অন্য প্রীতি ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ইরান ও সুইজারল্যান্ড। ক্রোটরা ২-১ গোলে সেনেগাল, ইরান ১-০ গোলে লিথুনিয়া ও সুইসরা ২-০ গোলে হারায় জাপানকে।








