পুরনো কোচকে নতুন করে পেয়ে যেন ঝাড়া দিয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। প্যারিস বিপর্যের পর চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগে দুরন্ত গতিতে ছুটছে দলটি। শনিবার রাতে বুন্দেসলিগায় জার্মান ক্লাসিকোতেও দেখা মিলল এক ঝাঁঝালো বায়ার্নের। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে জুপ হেইঙ্কসের দল।
বরুশিয়ার ঘরের মাঠে প্রথম গোলের দেখা পায় বায়ার্নই। রবার্ট লেভান্ডোভস্কির ব্যাকহিল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান আরিয়েন রোবেন। এই গোলের মাধ্যমে বায়ার্নের ক্লাব ইতিহাসে জায়গা করেন নেন ডাচ তারকা। জার্মান ‘কাইজার’দের বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার এখন রোবেন। বায়ার্নের বিখ্যাত জার্সিতে এদিন ৯৩তম গোল করেন তিনি।
নিজেদের আধিপত্য বজায় রেখে প্রথমার্ধে আরও একবার লিড নেয় সফরকারীরা। ৩৭ মিনিটে দলকে এগিয়ে দেন প্রথম গোলের জোগানদাতা লেভান্ডোভস্কি। লিগে ১১তম গোল করে মৌসুমে এখন পর্যন্ত টপ স্কোরার এই পোলিশ স্ট্রাইকার। আর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্বাগতিকের কফিনে শেষ পেরেক গেড়ে দেন ডেভিড আলবা।
ম্যাচের অন্তিম মুহূর্তে একটি গোল শোধ করে বরুশিয়া। দলের একমাত্র গোলটি করেন গত এপ্রিলে বোমা হামলায় আহত স্প্যানিশ ও সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্তা।
জুপ হেইঙ্কস দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত বায়ার্ন। আর সবশেষ সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে বরুশিয়া।
এই জয়ে চার পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন(১১ ম্যাচে ২৬)। বর্তমান চ্যাম্পিয়ন দলটি টানা ষষ্ঠ লিগ শিরোপার দিকে ভালভাবেই ছুটছে। দুইয়ে আছে আরবি লিপজিগ (১১ ম্যাচে ২২)। আর ছয় পয়েন্ট কম নিয়ে তিননম্বরে বরুশিয়া (১১ ম্যাচে ২০)।







