ফুটবল

জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন

বিশ্বকাপজয়ী ফুটবল তারকা জার্ড মুলার, জার্মানি দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি জার্ড মুলার, ছবি তোলা হয়েছে মাঠে, তার স্মৃতি চিরস্থায়ী।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন। রোববার সকালে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৫ সালে আলঝেইমার রোগে আক্রান্তের পর থেকে তাকে একটি নিবিড় পরিচর্যা নিবাসে কাটাতে হয়েছে।

১৯৭৪ ফিফা বিশ্বকাপে চার গোল করেছিলেন মুলার। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তখনকার পশ্চিম জার্মানি। শিরোপার মঞ্চে ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি ছিল তারই।

দেশের জার্সিতে ৬২ ম্যাচে খেলে ৬৮ গোল করেছেন সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার।

১৯৭২ সালের ইউরো আসরে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মুলার। ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে ৩-০ গোলে হারানোর দিনে জোড়া গোল এসেছিল তার পা থেকে।

জার্মানি ও বায়ার্ন মিউনিখের জার্সিতে নিজেকে অনন্য উচ্চতায় তুলে নেন মুলার। বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করে অবসরে যান। যার ৩৬৫ গোলই এসেছে বুন্দেসলিগায়। সাতবার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

মুলার ১৯৬৪ থেকে ১৯৭৯ সালের মধ্যে বায়ার্নের হয়ে চারবার বুন্দেসলিগা জিতেছেন। সঙ্গে ইউরোপিয়ান কাপ জিতেছেন তিনবার। ১৯৭০ সালে নামের পাশে যোগ হয় ব্যালন ডি’অর জয়ের কীর্তি।

বিষয়:জার্মানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…