বিশিষ্ট শিক্ষানুরাগী, আলোকিতজন ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান প্রয়াত জামিল আহমদের ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে তার সম্মানে একটি স্মারক গ্রন্থ উন্মোচন হয়েছে।
বৃহস্পতিবার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় মরহুমের দ্বিতীয় পুত্র সাদিদ জামিল দিপুর বনানীর বাসভবন নাগেশ্বরীতে ‘ইঞ্জিনিয়ার জামিল আহমদ স্মারক গ্রন্থ’-এর মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
জামিল আহমদের ছোট ছেলে সাইফুদ্দিন জামিল টনির সম্পাদনায় ও প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের কভার ডিজাইনে ১৩৬ পৃষ্ঠার ওই গ্রন্থে ইঞ্জিনিয়ার জামিলের বাল্যবন্ধু সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক মহিউদ্দিন আহমাদ, ফজলুল্লা লতিফা ফাউন্ডেশনের চেয়ারপার্সন আয়েশা আহসানের মতো ব্যক্তিত্বদের লেখা ও জামিলের কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ ছবি স্থান পেয়েছে।







