জামায়াত-শিবিরের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রেখে বাংলাদেশে জঙ্গিবাদ উৎখাত সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, দেশের ইসলামী চিন্তাবিদরা। জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী এক আলোচনায় আওয়ামী লীগের অভিযোগ, দেশে জঙ্গিবাদের সঙ্গে রয়েছে বিএনপি এবং জামায়াত।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে, ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলা’ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আলোচনা সভায় বক্তারা এসব বলেন। এতে অংশ নেন দেশের আলেম সমাজ এবং ইসলামী চিন্তাবিদরা।
আলোচকরা বলেন, বাংলাদেশে যারা জঙ্গি হামলা চালিয়েছে, তারা যেমন ইসলামের শত্রু তেমনি মানবতারও শত্রু।
ইসলামী চিন্তাবিদরা বলেন, জামায়াত শিবিরের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিয়ে, জামায়াত-শিবিরকে প্রতিষ্ঠিত রেখে এই দেশ থেকে জঙ্গিবাদ খতম করা যাবে এটা অসম্ভব ব্যাপার।
এসময় বক্তারা মন্তব্য করেন,ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ইসলাম বিরোধীরা।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সামনে হচ্ছে জেএমবি আর হরকাতুল জিহাদ যারা মানুষ মারছে আর পেছনে হচ্ছে বিএনপি আর জামায়াত। আর এটিকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং করার জন্য বলা হয় আমরা আইএস।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, সকলে মিলে যদি আমরা আন্দোলন আর মাঠে ঝাপিয়ে পড়ি তাহলে এদেরকেও রোধ করতে পারবো।
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান আলোচনায় অংশ নেওয়া বক্তারা।







