শিক্ষা

জাবি গ্রন্থাগারে চলন্ত ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

জাবি গ্রন্থাগারে চলন্ত ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের চলন্ত ফ্যান ভেঙে মাথায় পড়ে সিজার সরকার নামে তৃতীয় বর্ষের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে গ্রন্থাগারে বসে পড়াকালীন সময় শিক্ষার্থী এ দুর্ঘটনার শিকার হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার এনাম মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থী সিজার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়।

ঘটনাস্থলে থাকা সিজারের সহপাঠী দেলোয়ার জানান, গতকাল দুপুরের দিকে আমরা কয়েকজন সেন্ট্রাল লাইব্রেরিতে বসে পড়ছিলাম,হঠাৎ চলন্ত সিলিং ফ্যান খুলে ওর মাথায় পড়ে যায়। পরে আমরা সিজারকে মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেলে আনা হয়েছে। তার মাথায় ৯টা সেলাই দেয়া হয়েছে।

মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় নিয়ে আসলে তার গালে এবং মাথায় ৯টি সেলাই করা হয়েছে। যেহেতু আঘাতটি মাথায় হয়েছে তাই কিছু দিন তাকে বিশ্রামে থাকতে হবে। তার মাথায় সিটিস্ক্যান করা এবং পুরোপুরি শঙ্কামুক্ত হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে এনাম মেডিকেল কলেজে পাঠিয়েছি।

এর আগে গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসে খাবার খাওয়ার সময় চলন্ত ফ্যান খুলে পড়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাকিব আহমেদ নামে এক ছাত্র দুর্ঘটনায় আহত হন।

প্রতিবেদক

মো. মাহমুদুল হক (সোহাগ)

সুইডেন প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…