দরিদ্র জনসাধারণকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার। এসব স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে ‘কেমসল হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করা হয়েছে। যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার ধ্বংসে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।
অন্যদিকে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে ‘ফিজিকা হ্যান্ড স্যানিটাইজার’। বাজারে স্যানিটাইজার সংকটে এটি স্বল্পমূল্যে বাজারজাত করা সম্ভব বলে জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবসেবার লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল আবছার বলেন, ‘পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় আমরা স্বল্প পরিসরে এটি তৈরি করে ক্যাম্পাসে অবস্থানরত বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছি। আর্থিকভাবে প্রশাসনের সহযোগিতা পেলে বাজারে সরবরাহ করার বিষয়েও চেষ্টা করবো।’ এছাড়া তাদের তৈরি ১০০মি.লি. হ্যান্ড স্যানিটাইজার বাজারে ২০-২৫ টাকায় বাজারে সরবরাহ করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ জানান, ‘দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর বাজারে হঠাৎ হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। কেউ এই সুযোগে চড়া মূল্যে স্যানিটাইজার বিক্রি করছে। এমন পরিস্থিতিতে সর্বসাধারণের সুরক্ষার কথা চিন্তা করেই স্যানিটাইজার প্রস্তুত ও সরবরাহের উদ্যোগ নিয়েছি।’
হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে সহযোগিতা করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষক ড. এস এম তারেক আবেদীন, ড. মীর তামজীদ রহমান, শফিকুল ইসলাম, মাহবুব আলমসহ বিভাগের শিক্ষার্থীরা।








