শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছে বিভিন্ন মুক্তমনা ও প্রগতিশীল সংগঠন। বিক্ষোভে ধর্মান্ধ শক্তিকে বাংলার মাটি থেকে ঐক্যবদ্ধভাবে উৎখাত করার সংকল্প ব্যক্ত করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, সাংবাদিক নিনি ওয়াহিদ, মুজাহিদ আনসারী, আন্তর্জাতিক মানবাধিকার নেতা শীতাংশু গুহ, রেজাউল বারী শুভ রায় ও অন্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা এই নগ্ন হামলার প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মৌলবাদীদের ধারাবাহিক হুমকির মধ্যে থাকা মুহম্মদ জাফর ইকবাল শনিবার সন্ধ্যায় নিজ ক্যাম্পাসে
ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
এরপর রাতে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয় অধ্যাপক জাফর ইকবালকে। ওই ঘটনায় হামলাকারী ফয়জুলকে আটক করা হয়। তবে কোন উদ্দেশ্য বা কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে তা জানা জায়নি।
ঢাকার সিএমএইচ-এ ড. জাফর ইকবালের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়েছেন তিনি সম্পূর্ণ সজ্ঞান, সচেতন এবং শঙ্কামুক্ত। একই কথা জানিয়েছেন বরেণ্য এই শিক্ষাবিদের স্ত্রী ড. ইয়াসমিন হক।








