জাপানের সম্রাট আকিহিতোর স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার একদিন পর শত বছরের ঐতিহ্য ভেঙে সিংহাসনে বসলেন নারুহিতো। ক্ষমতা পাওয়ার পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশটির প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জীবদ্দশায় মঙ্গলবার কোনও সম্রাট সিংহাসন ত্যাগ করেন।
মূলত শারীরিক অসুস্থতার কারণে শত বছরের রীতিনীতি ভাঙতে হয়েছে ৮৫ বছরের বয়োবৃদ্ধ সম্রাট আকিহিতোকে। তার আনুষ্ঠানিক পদত্যাগের পর বুধবার নতুন সম্রাট হিসেবে সিংহাসনে বসেন তার ছেলে ৫৯ বছরের যুবরাজ নারুহিতো।
নারুহিতো তার বাবার প্রতি শ্রদ্ধা রেখে বলেন, তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে নিজের প্রতিটি কাজ আন্তরিকভাবে সম্পাদন করেন। তিনি নিজের বোঝার মাধ্যমে গভীর সমবেদনা প্রদর্শন করেছিলেন। আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও উপলব্ধি প্রকাশ করতে চাই।
বুধবার সকালে সূর্যের দেখা মেলার পর টোকিওর রাজপ্রাসাদে আনুষ্ঠানিকতা শুরু হয়।
চতুর্দশ শতকের সাম্রাজ্যিক যুগের ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে ৫৯ বছর বয়সী নারুহিতো হলেন দেশটির ১২৬তম সম্রাট।
রাজকীয় পালাবদলের বিশাল কর্মযজ্ঞ নির্বিঘ্নে উদযাপনের জন্য ২৭ এপ্রিল থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।








