আগামী মাসেই নোকিয়ার নতুন স্মার্টফোন উন্মুক্ত করতে পারে এইচএমডি গ্লোবাল। চীনের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, নোকিয়া ৯ এর পাশাপাশি নোকিয়া ৮ এর একটি বিশেষ সংস্করণও উন্মুক্ত করা হতে পারে দেশটির বাজারে।
নোকিয়া ৯ এর ফিচার সম্পর্কে এখনও খুব বেশি তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটিতে থাকতে পারে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৩৫ সিস্টেম অন চিপ, ডুয়েল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটি হতে পারে ধুলাবালি ও পানি প্রতিরোধী। শোনা যাচ্ছে স্মার্টফোনটিতে থাকবে না কোনো হেডফোন জ্যাক।
অন্যদিকে নোকিয়া ৮ ফোনটি বিশেষভাবে চীনের বাজারের জন্য আনা হচ্ছে। এতে থাকবে না গুগল প্লে স্টোর। এর পরিবর্তে যুক্ত করা হবে অন্য কোনো অ্যাপ মার্কেট।
জানা গেছে, ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের নোকিয়া ৯-এর দাম হতে পারে ৫৬০ ডলার এবং ১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে ৬৩৫ ডলার।







