ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখাতে নিদের্শের পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জাতীয় পতাকা অবমাননা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব তার আদেশে বলেন, আগামী ৫ জুলাইয়ের মধ্যে তাকে গ্রেপ্তার দেখাতে হবে।
এর আগে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম।
এ দুটি মামলাতে গ্রেপ্তার দেখানোর আগে খালেদা জিয়ার জামিন আবেদন না করার নির্দেশও দেন আদালত।
আগামী ৫ জুলাই এ দুটি মামলায় শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলায় বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এবং খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
তিনি অভিযোগ করে বলেন, এ মামলায় সরকার হস্তক্ষেপ করছে। ২০১৬ সালের দুটি মামলা। এ দুই বছর পর্যন্ত কেন গ্রেপ্তারি পরোয়ানা দেখানো গেলো না? মূলত সরকার করতে দিচ্ছে না। তারা চায় খালেদা জিয়া কারাগারেই বন্দি থাকুক।
এবি সিদ্দিক বাদী হয়ে জাতীয় পতাকা অবমননার অভিযোগে খালেদার বিরুদ্ধে করা মামলাটি দায়ের করেন ২০১৬ সালের ৩ নভেম্বর।
আর ভুয়া জন্মদিন পালন মামলাটি করেন গাজী জহিরুল ইসলাম। ২০১৬ সালের ৩০ আগস্ট তিনি মামলাটি করেন।








