জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি : সংগৃহীত।
নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর প্রতিবাদে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
সোমবার ২৩ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুই দফায় এ কর্মসূচি পালন করে তারা। এতে মাইজদী-সোনাপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেয় তারা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় যুবদল কর্মী শাকিল মাহমুদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন। পরে শাকিলের পরিবারের করা মামলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়।
সোমবার দুপুরে মামলার আসামিরা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামায়াতের চারজন ও ছাত্রশিবিরের দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির।
জামিন নামঞ্জুরের প্রতিবাদে প্রথমে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে আদালত চত্বর থেকে দ্বিতীয় দফায় মিছিল নিয়ে জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করেন তারা।
সমাবেশে ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুব দাবি করেন, ছয়ানীর হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরের নেতা-কর্মীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় অপ্রীতিকর কিছু ঘটেনি।





