শুরু হয়েছে বিসিবি’র হাইপারফরম্যান্স টিমের দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্প। অংশ নিচ্ছেন ২৫ তরুণ ক্রিকেটার। পাঁচ স্থানীয় কোচসহ বিদেশী ট্রেইনারদের তত্ত্বাবধানে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ জাতীয় দলের প্রয়োজনে খেলোয়াড় প্রস্তুত রাখা এবং যোগ্য খেলোয়াড় তৈরির উদ্দেশ্যেই বিসিবি’র হাইপারফরম্যান্স টিম গঠনের সিদ্ধান্ত।
‘রবি পেসার হান্ট’, ‘অনূর্ধ্ব-১৯’ কিংবা ঘরোয়া লিগে যারা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তাদের নিয়েই ২৫ সদস্যের ‘এইচপি টিম’।
প্রতিভাবানদের ভিড়ে কাজটা খুব সহজ না হলেও ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পাওয়াই লক্ষ্য তরুণ ক্রিকেটারদের।
তরুণ পেসার এবাদত হোসেন বলেন, ‘এইচপিতে আসার পর অনেক ভালো লাগছে। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমি প্রমাণ করতে চাই আমি একজন ভালো বোলার। এখান ভালো কিছু শিখতে চাই ভবিষ্যতের জন্য।’
ব্যাটিং, পেস বোলিং, স্পিন, উইকেট-কিপিং এবং ফিল্ডিং, পাঁচ ডিপার্টমেন্টে শতভাগ প্রস্তুতিতে আছেন আলাদা কোচ। সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ান ট্রেইনার।
এইচপি টিম ট্রেইনার কোরে বকিং বলেন,আমাদের ক্যাম্পটি সংক্ষিপ্ত সময়ের। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে থাকছে ফিটনেস নিয়ে নিবিড় কাজ। এরপর সবার ব্যক্তিগত স্কিল নিয়ে কাজ করা হবে। ম্যাচের পরিস্থিতিতে অনুশীলন হবে। মাস দুয়েকের ট্রেনিংয়ে এখান থেকে কয়েকজনকে জাতীয় দলের উপযুক্ত করে গড়ে তোলা হবে।’
সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপটে এইচপি টিমের জন্য নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
বিসিবি’র পরিচালক মাহবুব আনাম বলেন, নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না।
আগস্টের প্রথম সপ্তাহে হাইপারফরম্যান্স টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন অস্ট্রেলিয়ার সিমোন হেলমট।







