রিয়ালের হয়ে যেমন, পর্তুগালের হয়েও তেমন। রোনালদো যেন আরেকবার এই কথাকে সত্য প্রমাণিত করে দেখালেন। ব্রাজিলের বিপক্ষে প্রীতিম্যাচে মেসি যখন গোলহীন, বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদো তখন দুই গোলের মালিক। তার জোড়া গোলেই লাটভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইউরোপা চ্যাম্পিয়নরা। অন্য গোলটি আন্দ্রে সিলভার।
এই জয়ের পর ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।
গত নভেম্বরে নিজেদের মাঠে লাটভিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল পর্তুগিজরা।
৪১তম মিনিটে হেডে জালে বল পাঠান রোনালদো। দারুণ ফর্মে থাকা চারবারের বর্ষসেরা ফুটবলার এই নিয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে গোল করলেন।
৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলটিও হেডে।
চার মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। রোনালদোর পাস ধরে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়।







