চলচ্চিত্রে অশালীন সংলাপ ও কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না। এছাড়া চলচ্চিত্র নির্মাতারা ধর্ষণের চিত্র প্রদর্শন করতে পারবে না। নির্মাতাদের তথ্যের বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে বা বিভ্রান্তিমূলক কোন তথ্য প্রচার করা যাবে না।
এরকম আরো বিষয় অন্তর্ভুক্ত করে জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’র খসড়া অনুমোদিত হয়েছে। বাসস সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও ইতিহাস এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষ্যে এ নীতিমালা তৈরি হয়েছে।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও দেশ পরিচালনার মূল নীতির ভিত্তিতে নতুন চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের উৎসাহ জোগানো হয়েছে এই খসড়া আইনে।
তিনি বলেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ যে, ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে প্রস্তাবিত এই খসড়া আইন অনুমোদিত হয়েছে।মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও ইতিহাস এবং শিক্ষা ও বিনোদনমূলক চলচ্চিত্রের বিকাশে উৎসাহ জোগানো হয়েছে এই নীতিমালায়। এতে ধর্মীয় উগ্রতা প্রতিরোধে জনগণকে সচেতন করার কথা রয়েছে।
চলচ্চিত্র নির্মাণে পরামর্শের জন্য তথ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠিত হবে। চলচ্চিত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে সুপারিশ করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে আর একটি কমিটি গঠিত হবে।
চলচ্চিত্রের ইন্টেলেকচুয়াল রাইটস ও কপিরাইট সংরক্ষণ ও নকল রোধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এতে চলচ্চিত্র শিল্পে যৌথ বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালার আলোকে সেন্সরশীপ ব্যবস্থার পরিবর্তে পর্যায়ক্রমে সার্টিফিকেট ব্যবস্থা চালু হবে।
মন্ত্রিসভা অস্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন-২০১৭-এ চূড়ান্ত অনুমোদন ও ভারত-বাংলাদেশের মধ্যে মোটরযানে যাত্রী যাতায়াতের ব্যাপারেও একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে বলে শফিউল আলম জানান।
এছাড়াও বৈঠকে অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারস সংক্রান্ত বাংলাদেশ জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন দক্ষিণ পূর্ব এশিয়ার ‘ডব্লিউএইচও চ্যাম্পিয়ন ফর অটিজম’-এ ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়।
বৈঠকে মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীগণ যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।







