ফতুল্লা থেকে: ইমার্জিং এশিয়া কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে (৫৭) মাশরাফি বিন মর্তুজার সবুজ দল ২১১ রান সংগ্রহ গড়েছে। নাসির হোসেনের লাল দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারায় তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচে জাকির ছাড়াও ব্যাটে রান পেয়েছেন নাঈম ইসলাম জুনিয়র ৩৩, আজমীর আহমেদ ২৯, সালমান হোসেন ২৫, মাশরাফি বিন মর্তুজা ১৯ ও রাহাতুল ফেরদৌস ১৯।
বাকি কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যর্থ হয়েছেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান মেহেদি মারুফ ১, এনামুল হক বিজয় ১ ও তুষার ইমরান শূন্য রানে ফিরে। ঘাসের উইকেটে ব্যাটিংয়ে নেমে ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে সবুজ দল। টেল এন্ডারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত দু’শ পেরোয় তারা।
লাল দলের আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও মেহেদি হাসান নিয়েছেন দুটি করে উইকেট। নাসির হোসেন, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।
ইমার্জিং কাপের প্রস্ততি ম্যাচ হলেও শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে ম্যাচ প্রস্তুতি সারতেই খেলছেন জাতীয় দলের তিন ক্রিকেটার মাশরাফি, সানজামুল ও নুরুল হাসান সোহান।








