সময় পেরিয়ে গেলেও প্রতারিত ৪৪ হজযাত্রীকে বৃহস্পতিবার ভিসা দিয়েছে সৌদি দূতাবাস। আগামী তিন দিনে ভিসা হওয়া হজযাত্রী সকলের সৌদি আরব যাবার নিশ্চয়তাও মিলেছে। কিন্তু, টিকিট না দিয়ে এজেন্সি লাপাত্তা হয়ে যাওয়াসহ নানা কারণে অনিশ্চয়তার মধ্যে আছেন কয়েকশ হজযাত্রী। সঙ্গে ব্যক্তি পর্যায়ে ভোগান্তি বেড়েছে।
৭ নম্বর সেক্টরে যুদ্ধ করা পাবনার মুক্তিযোদ্ধা আশরাফ আলীর স্ত্রী আয়শা খাতুন ১৬ দিন হলো আছেন হজ ক্যাম্পের বারান্দায়। ছেলেসহ হজে যাবেন বলে তৃষা এয়ার ট্রাভেলসকে সব টাকা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু, ভিসা আর টিকিট পাননি এখনো।
তার পাশেই রাজশাহীর আসমা বেগমও আছেন ৭ দিন হলো। পাসপোর্ট আর টাকা নিয়ে লাপাত্তা তার হজ এজেন্ট।
শুকনো রুটি আর পানি খেয়ে হজে যাওয়ার জন্য কষ্টের দিন পার করছেন অনেকেই। শেষের দিকে হজ ক্যাম্পের চিত্র এ রকমই। চোখে মুখে তাদের হতাশা।
হজ অফিস বলছে ভিসা পাওয়া সবাই যেতে পারবেন। ঢাকা হজ অফিসের পরিচালক মো: সাইফুল ইসলাম এমনটি নিশ্চিত করেন।
হজ ভিসা দেয়ার শেষদিন ছিলো রোববার। এর মধ্যে প্রতারিত হয়ে হজক্যাম্পে আসেন নিবিড় ট্রাভেলস এর ৪৪ জন হজযাত্রী। দুদিন ধরে দেন দরবার করে বৃহস্পতিবার ভিসা হয়েছে তাদের।
ভিসা-টিকিট নিয়ে এখন সৌদি আরব যাবার অপেক্ষায় আছেন ২১ হাজার হজযাত্রী। আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে সৌদি আরব পৌঁছাতে হবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







