অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে নাটকীয়ভাবে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টাইগার ওপেনার ও এই সিরিজে দলের অধিনায়ক মাহমুদুল হাসান জয় বল হাতে দেখিয়েছেন ভেলকি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে এনে দিয়েছেন অসাধারণ জয়।
দুই ম্যাচের সিরিজটি শেষ হলো ১-১ সমতায়। একই প্রতিপক্ষের সঙ্গে দুটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ। সেখানে দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
ডারউইনে সোমবার চার দিনের ম্যাচে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশ এইচপি দলের প্রয়োজন ছিল ৬ উইকেট, পাকিস্তান ‘এ’ দলের ১৬০ রান। জয়ের পথে অনেকটা পথ এগিয়ে গিয়েছিল পাকিস্তান।
২৯৬ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা দলটি ২৮৭ পর্যন্ত চলে যায় ৭ উইটে হারিয়ে। ৩ রানে শেষের তিন উইকেট হারিয়ে গুটিয়ে যায় তিনশর আগেই, ২৯০ রানে।
প্রথম ইনিংসে ফিফটি করা দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা দ্বিতীয় ইনিংসেও করেন ফিফটি।
বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৫৮ রানে। রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজার পেস তোপে পাকিস্তান গুটিয়ে যায় ১৭৯ রানে।
লিড নিয়ে ব্যাটিং শুরু করে দুইশ পেরিয়ে থামে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৯৬ রান। জয় ২১ রানে ৫টি, রাজা ৩টি ও হাসান মুরাদ দুটি উইকেট নেন।








