নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল।
তিনি বলেন: এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪) কুল্লিার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।
এর আগে ট্রাক চাপায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে সাবরিনা আক্তার মিতু (২২) নামের এক শিক্ষার্থী মারা যায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল।
মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

স্থানীয় সূত্র জানায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়। এর একদিনের মধ্যেই ওই ট্রাকের চালককে আটক করল পুলিশ।







