জন্মদিন আমাদের কাছে সবসময় স্পেশাল: তাহমিনা মৌ

তাহমিনা সুলতানা মৌ
তাহমিনা সুলতানা মৌ। অভিনয়শিল্পী এবং নৃত্যশিল্পী। অভিনয় দিয়ে দর্শকমনে ইতোমধ্যে তিনি স্থান করে নিয়েছেন। আজ তার জন্মদিন। কথা হলো তার সঙ্গে।
জন্মদিনের শুভেচ্ছা জানালে ধন্যবাদ দিয়ে বললেন, দিনটি আমার কাছে অনেক স্পেশাল। শুধু আমার কাছে বললে ভুল হবে আমার পুরো পরিবারের কাছে স্পেশাল। আমরা তিন বোন আমাদের জন্মদিনকে বেশ ধুমধাম করে পালন করি। শুধু এখন নয়, ছোটবেলা থেকেই তা করা হয়।
রাত বারোটায় কি করলেন জানতে চাইলে বলেন, বরাবরের মতো পরিবারের সাথে কেক কেটেছি। আর সারাদিনের নানা কাজের ফাঁকেও জন্মদিনের আমেজ লেগে আছে। রাতে বন্ধুরা বাসায় আসবে। দাওয়াত আছে। ওদের সাথে মজা করবো।
জন্মদিনের কোনো মধুর স্মৃতি মনে পড়ে কিনা জানতে চাইলে বলেন, আমার জন্মদিনের প্রত্যেকটি স্মৃতির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তাই সবগুলোই আমার কাছে স্পেশাল।
জন্মদিনের আনন্দের কথা শেয়ার করতে করতে জানালেন কাজ নিয়ে ব্যস্ততার কথা। বললেন, এ যাবত কালের দীর্ঘধারাবাহিক গুলোর মধ্যে একটি ‘অলসপুর’। সেখানে কয়েকবছর ধরে কাজ করছিলাম। গতকাল মঙ্গলবার এর কাজ শেষ হয়েছে। এছাড়া চ্যানেল আইয়ের ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে কাজের ব্যস্ততা সব মিলিয়ে বেশ চলে যাচ্ছে।




