আর দুই দিন পর ২৭ ডিসেম্বর পঞ্চাশে পা দেবেন বলিউড সুপারস্টার সালমান খান। ওইদিনই নিজের প্রেমিকার নাম সবার সামনে ঘোষণা করবেন বলেই গুঞ্জন পুরো বলিউডজুড়ে।
অবশ্য এমন গুঞ্জনের কারণও আছে। দিন কয়েক আগে সালমান নিজেই বলেছিলেন, ‘শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’
সেই ‘কিছু একটা’ বিয়ে ছাড়া আর কি হতে পারে? এরপর থেকেই সালমানের সঙ্গে তার রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু।
সূত্রের দাবি, নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের ‘বিশেষ নারী’ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান।
তবে হিট অ্যান্ড রান মামলা থেকে পুরো অব্যাহতি না পাওয়া অব্দি বিয়ের পিঁড়িতে বসবেন না বলেই জানিয়েছিলেন বলিউডের বাজরাঙ্গি ভাইজান।
তাই বিয়েটা দেখতে ভক্তদের আরো খানিকটা অপেক্ষার প্রহর গুণতে হবে বৈকি।







