রাস্তায় না নামলে কোনো আন্দোলনই সফল হবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জনগণ রাস্তায় নামলে আমাদের নেত্রী (খালেদা জিয়া) বের হবেন। আর রাস্তায় নামার নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নোমান বলেন: বিরোধীদলের কাছে কখনো অস্ত্র-বোমা ছিলো না। হাতে একটা লাঠি আর ইটের টুকরা ছিল। সেটা দিয়েই আইয়ূব খানের স্বৈরশাসন, ইয়াহিয়া খান, এরশাদকে পরাজিত করেছে। পরাজিত করেছি আরও অনেক শাসকগোষ্ঠিকে। আজকের পরিস্থিতিও ভিন্ন নয়। একইভাবে এ সরকারকে পরাজিত করতে হবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এই মুক্ত আলোচনার আয়োজন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।
নোমান বলেন: জনসাধারণ যখন রাস্তায় নামবে তখন আমাদের নেত্রী বের হবেন। আমরা জয়লাভ করতে পারবো। আমরা ভোটাধিকার ফিরিয়ে আনবো, খুলনা মার্কা নির্বাচন আর হতে দেব না। এজন্য এই নির্বাচন কমিশনকে বাতিল করে প্রধান নির্বাচন কমিশনারকে ইস্তফা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা আমাদের লক্ষ্য-আন্দোলনের একটা অংশ।
খুলনার নির্বাচনে জালভোটের পরিবর্তে ভোটদখল স্তরে চলে গেছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন: এই অবস্থাকে সহযোগিতা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা বলবে সেটাই কমিশন করবে। কমিশনের আইনে এবং সংবিধানে কমিশনের যে শক্তি তাদের যে নির্বাচন পরিচালনায় তারা যে নেতৃত্বপ্রদানকারী, সেটা তারা করছে না। তারা সরকারের লেজুড়বৃত্তি করছে।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন: কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা আইন প্রণীত হয়েছে যে, যখন মনে করবে দুর্যোগ আসছে সমস্যা হচ্ছে, তখন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে সমস্ত বাহিনী ও অরগানগুলো সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন তারা যে ডিসিশন নেবে সেটা কার্যকর হবে। এটার ডিসিশনটা দেবে দেশের প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার যে সাংগঠনিক ক্ষমতা আছে এগুলো ছাড়াও তিনি যেকোন সময় আমাদের ওপরে সাংবিধানিকভাবে সেটা চাপিয়ে দিতে পারবেন।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক গোলাম সরোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো: আনোয়ার, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।







