জঙ্গি আস্তানা: টার্গেট ছিলো ধর্মীয় অনুষ্ঠানে হামলার

মিরপুরের জঙ্গি আস্তানায় অভিযানে সাতজনকে গ্রেফতার এবং গ্রেনেডসহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জেএমবির ১১ নেতাকে আসামী করে শাহ আলী থানায় মামলা করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জনের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, রাজধানী ও এর আশেপাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিলো জঙ্গিদের।
পুলিশ জানায়, জেএমবির অপারেশনাল চিফ এবং আরো এক নেতা সাংগঠনিক কাজে বাইরে থাকায় তাদেরকে আটক করা যায়নি।
যাদের নামে মামলা করা হয়েছে, তাদের মধ্যে একজন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরেকজন আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মচারীও রয়েছেন।
বৃহস্পতিবার মিরপুর এক নম্বর সেকশনের ৯ নম্বর সড়কের ৩ নম্বর এই বাড়িতে টানা ১৩ ঘণ্টা অভিযান চালিয়ে জেএমবির ৩ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ওই আস্তানা থেকে ১৬টি তাজা গ্রেনেড এবং বিস্ফোরক তৈরির উপকরণও উদ্ধার করা হয়।
গ্রেফতার তিন জেএমবি জঙ্গি আত্মঘাতি গ্রুপের সদস্য বলে জানায় গোয়েন্দা কর্মকর্তারা।
গ্রেফতার এক জেএমবি সদস্যের দেয়া তথ্যে বুধবার দিবাগত রাত ২টার দিকে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিলো র্যাব, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াত সদস্যরা।






