সিলেটের শিববাড়ি এলাকার আতিয়ার মহলের জঙ্গি আস্তানার জঙ্গিরা খুব প্রশিক্ষিত বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। রোববার বিকেলে অভিযানের বিষয়ে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ফখরুল আহসান জানান, ‘জঙ্গিরা আতিয়ার মহলজুড়ে আইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পেতে রেখেছে। এছাড়া জঙ্গিদের কাছে বোমা থেকে শুরু করে রিভলবার, সুইসাইডাল ভেস্ট ও অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে। কিন্তু সেনা সদস্যরা নিজেদেরে নিরাপদে রেখে ভালো টেকনিক এপ্লাই করে বাড়ির ছাদ কেটে এবং পাশের বাড়ি থেকে মই দিয়ে জানালা কেটে ৭৮ জন বাসিন্দাকে উদ্ধার করেন।’
এই সেনা কর্মকর্তা আরো জানান, ‘বাসিন্দাদের উদ্ধারের সময় প্রচন্ড ঝর-বৃষ্টি হচ্ছিল, তাই জঙ্গিরা টের পায়নি। কিন্তু পরে বিষয়টি টের পাওয়ার পরই জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে। এসময় সেনাবাহিনী টিয়ারশেল ছোড়ে। ওইসময় দুই জঙ্গি পড়ে যায় এবং একজন তার গায়ে থাকা সুইসাইডাল ভেস্ট’র বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত দুই জঙ্গি নিহত হলেও ভিতরে এক বা একাধিক জঙ্গি রয়েছে।’
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আতিয়ার মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযান চলাকালেই রোববার আতিয়ার মহলের কাছাকাছি দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন। অভিযান এখনও শেষ হয়নি বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।








