নিজের ছেলে আকরাম হোসেন খান নিলয়ের কাছ থেকে নব্য জেএমবি’র দীক্ষা গ্রহণ করে সেই দলে নাম লেখান বাবা আবু তুরাব খান, মা সাদিয়া হোসনা লাকী। একই পথ ধরে আসে নিলয়ের বোন তাজরীন খানম শুভ।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জঙ্গি হামলার পরিকল্পনাকে নসাৎ করে দেয় পুলিশের “অগাস্ট বাইট” নামের এক অভিযান। ওই ঘটনায় পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হয়ে মারা যায় জঙ্গি সাইফুল ইসলাম।
নিলয় ওই হামলার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে না পারলেও শুক্রবার রাতে ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গুলশানের একটি বাসা থেকে নিলয়ের বাবা আবু তুরাব খান (৫৬), মা সাদিয়া হোসনা লাকী (৪৬) ও বোন তাজরীন খানম শুভকে (২৯) গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে।
তিনি জানান, গ্রেফতার হওয়া আবু তুরাব খান তার ছেলে নিলয়ের মাধ্যমে নব্য জেএমবির বায়াত গ্রহণ করে। তারা বিভিন্ন সময় সংগঠনের কাজে অর্থ সরবরাহ করত এবং অর্থ দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনের কাজে বিতরণ করতো। তারা জঙ্গি কার্যক্রমে অর্থ সরবরাহ করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
নিলয় সম্পর্কে আরো তথ্য জানার জন্য তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান সুমন কান্তি চৌধুরী।







