সাঁইত্রিশতম জাতীয় সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ভোটাভুটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা লাকি আক্তার এবং সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ।
জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাকি সংঠনের সভাপতি নির্বাচিত হওয়ায় এ নিয়ে গত ৬৩ বছরে তিনজন নারী সভাপতি পেলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রথম নারী সভাপতি ছিলেন বর্তমান কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। কয়েক বছর আগে সভাপতি হয়েছিলেন লুনা নূর।
গত রোববার ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের জন্য দু’দিন নির্ধারিত থাকলেও তা একদিন বর্ধিত হয়। নেতৃত্ব নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে একদিন দীর্ঘায়িত হয় কাউন্সিল। পরে ভোটের মাধ্যমে ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
এক বছর মেয়াদি এই কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবু তারেক সোহেল, লিটন নন্দী, জাহিদ ইসলাম সজিব, শাহীন হাওলাদার, তন্ময় ধর, মিথুন রায়, শিমুল কান্তি বৈষ্ণব, শেখ সাদ নূর অপি।
সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিয়াম সারোয়ার জামিল, তুহিন কান্তী দাস, আল আমিন ও অনিক রায়।






