ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল করা উচিত। আইসিসির এত এত টুর্নামেন্টের ভিড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রয়োজন নেই বলে মন্তব্য তার।
জুনের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডে হচ্ছে এই টুর্নামেন্ট। ভারত আছে ‘বি’ গ্রুপে। সঙ্গে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা।
কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের এই টুর্নামেন্টে গত বিশ্বকাপের ফাইনালের দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
‘এখন আইসিসির প্রচুর টুর্নামেন্ট হয়। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে বলব পাঁচ বছর বাদে ৫০ ওভারের ক্রিকেট খুব কম হবে।’ বলেন শাস্ত্রী।
আইসিসি ওয়ার্ল্ড কাপ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিকে সাংঘর্ষিক মনে করছেন ভারতের এই সাবেক ক্রিকেটার, ‘যেখানেই যাই লোকে জানতে চায় কত ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে। এটা একটা ব্যাপার। যেখানে বিশ্বকাপও আছে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। এভাবে বিশ্বকাপকে হালকা করা হচ্ছে।’
‘ওয়ার্ল্ড কাপ, টি-টুয়েন্টি, টেস্ট ক্রিকেট ঠিকই আছে। সেখানে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি দরকার কেন?’ প্রশ্ন তুলে শাস্ত্রী বলেন, ‘আপনি যদি আমার কাছে শেষ ১০-১২ বছরের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের নাম জানতে চান আমি বলতে পারব। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের কথা বলতে পারব না।’








