স্পোর্টস

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান মাশরাফি

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান মাশরাফি

যার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হয়েছে তার নাম মাশরাফি মুর্তজা। পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন টাইগার বাহিনী প্রধান। জানালেন ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা।

২০১৫ সালের বিশ্বকাপ থেকে ফেরার পর মাশরাফি বলেছিলেন, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টোয়েন্টি-২০ বিশ্বকাপের পর ক্যারিয়ারের ভবিষ্যত কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নিবেন। দেশের একটি গণমাধ্যমের সূত্রে ক্রিকিইনফো জানিয়েছে, ভারতকে হারানোর পর বাংলদেশ র‌্যাঙ্কিংয়ে সাতে উঠায় ওই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জন্য। এই বিষয়টিই মাশরাফিকে এখন দিচ্ছে নতুন প্রেরণা, নতুন আরেকটি ইতিহাস গড়ার হাতছানি।

মাশরাফি বলেছেন, ‘যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেই নি তবে ক্যারিয়ারে ইতি টানার বিষয়টি মাথায় দু-এক বার এসেছিলো। ভেবেছিলাম হয়তো আর বেশিদিন খেলবো না। কিন্তু সুযোগ যখন এসেছে আর সেই যোগ্যতাটাও আমরা যখন অর্জন করে নিয়েছি তবে চ্যালেঞ্জটা হয়ে যাক না। আরো একটু কষ্ট আর পরিশ্রম করেই দেখিনা কী হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মর্যাদা তো বিশ্বকাপের পরেই’।

তিনি আরো বলেন, ‘টুর্নামেন্টে খেলতে পারাটা খুবই আনন্দের। যদিও নিশ্চিত করে কিছু বলতে পারছি না তবুও ভেতর থেকেই কেমন যেন একটা তাড়না অনুভব করছি। আমি এর জন্য কঠোর পরিশ্রম করতে চাই, নিজেকে ফিট রাখতে চাই যাতে করে ওই টুর্নামেন্ট অবধি খেলতে পারি’।

বাংলাদেশ সর্বশেষ ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে। ওটা ছিলো ৪র্থ বারের মত। ২০০৯ এবং ২০১৩ সালে র‌্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকায় ওই টুর্নামেন্টের আট দলে বাংলাদেশ দলের জায়গা হয় নি।

তবে এবার সেই যোগ্যতা অর্জনের পর সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চান বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি।

বিষয়:বাংলাদেশ-ভারত ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…