একদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে চেলসি। তারপরও বাকি ম্যাচগুলো নিয়ে থাকছে উত্তেজনা। এখন লড়াই চলছে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার। সেই লড়াইয়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার ঘরের মাঠ ইতিহাদে দ্য ফক্সেসদের ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে লক্ষ্যভেদ করেন ডেভিড সিলভা ও গ্যাব্রিয়েল জেসাস।
ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা। সিটিজেনদের হজম করা গোলটিও এসেছে প্রথমার্ধে।
ম্যাচের ২৯ মিনিটে ম্যানসিটিকে লিড এনে দেন ডেভিড সিলভা। লেরয় সানের সহায়তায় দুর্দান্ত এক গোল করেন স্প্যানিশ এই ফুটবলার। সিটির গোল ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ৪২ মিনিটে লেস্টারের পক্ষে একমাত্র গোলটি করেন ওকাজাকি।
এই জয়ে ৩৬ ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহ দাঁড়াল ৭২। পেপ গার্দিওলার দল পেছনে ফেলেছে লিভারপুলকে। সমসংখ্যক ম্যাচে অল রেডসদের পুঁজি ৭০। শীষে থাকা চেলসির ভাণ্ডারে জমা আছে ৮৭। ব্লুজরা ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে।








