ইউরো চ্যাম্পিয়নশিপে গত দুবারের শিরোপাজয়ী স্পেনকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়াশিয়া।
তবে হেরেও গ্রুপ টেবিলে দ্বিতীয় দল হিসেবে নক আউট রাউন্ডে গিয়েছে স্পেন।
বোর্দোয় শুরুতেই এগিয়ে যায় গত দুবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের সাত মিনিটে ফাব্রিগাসের বাড়ানো বল আলতো টোকায় জালে জড়ান আলভারো মোরাতা।
কিছুক্ষণের মধ্যেই গোলটি শোধ করে দিতে পারতো ক্রোয়েশিয়া। কিন্তু মিডফিল্ডার ইভান রাকিতিচের শট পোস্টে লাগলে এ যাত্রায় বেঁচে যায় স্পেন।
প্রথমার্ধের শেষ মিনিটে নিকোলা কালিনিচের দারুণ গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। গোলমুখে বাড়ানো মিডফিল্ডার ইভান পেরিসিচের নিখুঁত ক্রসে ভলি করে বল জালে ঠেলে দেন।
ইউরোর ইতিহাসে রেকর্ড ৭৩৫ মিনিট নিজেদের জাল অক্ষত রাখার পর গোল হজম করল ভিসেন্তে দেল বস্কের দল।
দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ম্যাচের ৭২ মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সির্না নিজেদের ডি বক্সে সিলভাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি; তবে দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগটা নষ্ট করেন সার্জিও রামোস।
ম্যাচের ৮৭ মিনিটে কালিনিচের বাড়ানো বলে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়ার রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন পেরিসিচ।








