স্পোর্টস

চ্যাপেল, বোথাম, লারা, শচিনদের সঙ্গে সাকিব-মুশফিক

চ্যাপেল, বোথাম, লারা, শচিনদের সঙ্গে সাকিব-মুশফিক

নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে: কিংবদন্তি ইয়ান চ্যাপেল, ইয়ান বোথাম, ব্রায়ান লারা ও শচিন টেন্ডুলকারের সঙ্গে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ড্রেসিং রুমের অনার বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম আর ডাবল সেঞ্চুরি হাঁকান সাকিব আল হাসান। দিন শেষ হওয়ার পর পরই সেঞ্চুরি হাঁকানোর সম্মানার্থে তাদের নাম ওঠে ড্রেসিং রুমের অনার বোর্ডে।

এর আগে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ২০১০ সালে বিখ্যাত লর্ডসে সেঞ্চুরি করে নিজের নাম অনার বোর্ডে উঠিয়েছিলেন।

শুক্রবার তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন সাকিব। নিউজিল্যান্ডের মাটিতে এটি সাকিবের টানা দ্বিতীয় শতক। ২০১০ সালে হ্যামিল্টনে সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। ২৭৬ বল মোকাবেলা করে ৩১ চারের সাহায্যে ২১৭ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এটি বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

ওয়েলিংটনের অনার বোর্ডে কিংবদন্তিদের পাশে সাকিব-মুশফিক
ওয়েলিংটনের অনার বোর্ডে কিংবদন্তিদের পাশে সাকিব-মুশফিক

এর আগে ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রানই এত দিন সাকিবের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।

শ্রীলঙ্কার গলে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেন তামিম ইকবাল।

এদিন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক মুশফিক ১৫৯ রান করে আউট হন। ২৬০ বলের ইনিংসে ২৩টি চার ও ১টি ছক্কার মার ছিল।

পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন রেকর্ড ৩৫৯ রান সংগ্রহ করেছেন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান।

আর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…