বাংলাদেশের বিভিন্ন মার্কেটিং বিভাগে নিরলস পরিশ্রমী ও মেধাবী মার্কেটিং গুরুদের সম্মানে চ্যানেল আই সম্প্রতি ঘোষণা দিয়েছিলো ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’ এর। সেই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দি মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’।
আর প্রথম আয়োজনের এই পুরস্কারটি পেতে যাচ্ছেন পরিশ্রমী ও মেধাবী মার্কেটিং গুরু সৈয়দ আলমগীর। তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন।
‘চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দি মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’ এর জুড়ি বোর্ডের সদস্যদের মনোনয়নে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এ জুরি বোর্ডে আছেন সদস্য হিসেবে আছেন প্রফেসর ড. সৈয়দ ফরহাদ আনোয়ার (ডিরেক্টর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মেহেবুব চৌধুরী (সিইও,প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লি.) ও শরিফুল ইসলাম (প্রতিষ্ঠাতা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম)।
আগামী ২৮ মার্চ ঢাকা ওয়েস্টিন হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মার্কেটিং গুরু সৈয়দ আলমগীরের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হবে।
আয়োজকরা বলছেন, বাংলাদেশের কর্পোরেট জগতে প্রচুর মেধাবী মানুষ আছে যাদের হাত ধরে সে প্রতিষ্ঠানের পণ্যের প্রসার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। একটি প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এই মেধাবী মার্কেটিয়ানরাই বছরের পর বছর ধরে বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে দেশে ও বিদেশে মানুষের কাছে সুপরিচিত করে আসছেন। বাংলাদেশের পণ্য আজ তাই সুনামের সাথে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে।
একটা সময় ছিল যখন বিদেশী ব্র্যান্ড আর জিনিসের প্রতি সবার প্রেম ছিল তীব্র। সেই তীব্রতা এত বেশি ছিল যে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বদলে অন্য কোন দেশের নাম দিয়ে কিছু একটা লিখলেই সেই পণ্যের আবেদন বেড়ে যেত বহুগুণ! কিন্তু সময় বদলেছে। কালের পরিক্রমায় বাংলাদেশের পণ্য আজ গর্বের সাথে দেশে ও বিদেশে মানুষের কাছে আস্থা অর্জন করেছে।
আজ গর্বের সাথে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা পণ্য বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর দেশের পণ্য ছড়িয়ে দিতে কাজ করছে বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং দল। চ্যানেল আই এই রকম নিরলস পরিশ্রমী মেধাবী মার্কেটিং-এর লোকজনের সম্মানে প্রবর্তন করলো ‘চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দি মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’।
তারা মনে করছেন, মার্কেটিং সুপারস্টারদের অনুপ্রেরণায় বাংলাদেশের পণ্যের প্রসারলাভে আগামী প্রজন্ম আরো নতুন নতুন মার্কেটিং আইডিয়া নিয়ে এগিয়ে আসবে।









