ইংলিশ ফুটবলে অন্যতম ঐতিহ্যপূর্ণ ট্রফি লিগ কাপ। বর্তমানে যার নাম অবশ্য কারাবাও কাপ। এই মুহূর্তে সেই লড়াইয়ে পড়ে রয়েছে আর মাত্র চারটি দল। মঙ্গলবার গভীর রাতে ওয়েম্বলিতে প্রথম সেমিফাইনলে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম এবং চেলসি।
লিগ কাপের নিয়ম অনুযায়ী দুই লেগ মিলিয়ে সেমিফাইনাল হয়। যার ফলে প্রথম লেগে ঘরের মাঠে চেলসিকে এক গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তায় এক পা বাড়িয়ে রাখল টটেনহ্যাম। ম্যাচে একমাত্র গোল টটেনহ্যামের তারকা খেলোয়াড় হ্যারি কেনের।
প্রথমার্ধে কেনকে ডি-বক্সে ফাউল করেন চেলসি গোলকিপার। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ইংলিশ তারকা স্ট্রাইকার।
হারলেও অ্যাওয়ে ম্যচে কিন্তু চেলসিরই প্রধান্য ছিল বেশি। প্রথম এগারোর সব তারকাকেই নামিয়েছিলেন চেলসি কোচ সারি। বল পজেশনেও ছিল তাদের আধিপত্য। ৫৮ শতাংশ। কিন্তু গোলমুখ খুলতে ব্যর্থ হন হ্যাজার্ড-উইলিয়ানরা।







