চীনের শানশি প্রদেশে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ কর্মী নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে শানশির শেনমু শহরে বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি এক প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন। খনি ধসের পর তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন।
তল্লাশি অভিযান চলাকালে প্রথমে আটকে পড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয় হলেও দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নিখোঁজ দুই জনকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চলতি বছর এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।







