ক্রিকেটে ভারত-পাকিস্তান কিংবা হালের বাংলাদেশ-ভারত যেমন, হকিতে বাংলাদেশ-ওমানের যুদ্ধটা তেমন। সেই যুদ্ধে ঢাকায় এসে বাংলাদেশকে ৩-২ গোলে হারিয়ে গেল দেশটি।
ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-২’র গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে এই হারে সেমিতে ওঠার স্বপ্ন অনেকটা কঠিন হয়ে গেল জিমি-চয়নদের জন্য।
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে বাংলাদেশ। যাদের বিপক্ষে ২০০১ সালের পর কোনো ম্যাচই খেলেনি স্বাগতিকরা।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার ৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন ‘পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট’ মামুনুর রহমান চয়ন। কিন্তু সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ওমান। নিজেদের অর্ধে বাংলাদেশের গোলরক্ষক অসীম গোপ ওমানের খেলোয়াড় আল-হাসানীকে ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় ওমান। সেখান থেকে বল জালে জড়ান অধিনায়ক জান্দাল মোহাম্মদ।
এরপর ১৭ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক কাউন্টার অ্যাটাকে দলকে এগিয়ে দেন রোমান সরকার। কিন্তু মাত্র দুই মিনিটের এক ঝড়ে ব্যবধান ৩-২ করে ফেলে ওমান। শেষ পর্যন্ত এই ব্যবধানেই কপাল পোড়ে বাংলাদেশের।







