আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। আর আতঙ্কিত না হয়ে ঘরে বাইরে পানি জমে যেন এডিস মশা না জন্মাতে পারে সেজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
চিকুনগুনিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দু সিটি কর্পোরেশনের ভূমিকায় চ্যানেল আইয়ের কাছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ক্ষোভ প্রকাশের পরদিন দু’ কর্পোরেশনকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, রাজধানীতে এপ্রিল থেকে এ পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত ৫১৩ জনকে সনাক্ত করা হয়েছে।
বৈঠকে দু’ সিটি কর্পোরেশন জানায়, মশা নিধন কার্যক্রমকে আরো জোরদার করা হচ্ছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধে পদক্ষেপের চিত্র তুলে ধরে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে বলা হয়।
এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে মশা নিধন কার্যক্রম জোরদারের সঙ্গে মানুষকেও আরো সচেতন হওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে চিকুনগুনিয়া সম্পৃক্ত তথ্য ও কার্যক্রম সমন্বয়ের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে রোগ তত্ত্ব ও রোগ নির্ণয় গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








