পাবনার ঈশ্বরদীতে ব্যাপটিস্ট চার্চের যাজক লুই সরকারকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে ওবায়দুল ইসলাম নামে এক শিবির ক্যাডার গ্রেফতার করেছে পুলিশ। লুই সরকারকে হত্যা চেষ্টার ঘটনায় ওবায়দুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট চার্চের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুই সরকার পৌর এলাকার স্কুলপাড়ায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন।
আহত লুই সরকার জানিয়েছেন, কয়েকদিন আগে দুই যুবক ফোন করে তার কাছে ধর্মবাণী শুনতে চায়। সেই দুইজনসহ তিনজন হঠাৎ করেই সকালে একটি মোটরসাইকেলে করে তার বাসায় আসে।
তারা বসার ঘরে বসে কিছুক্ষণ কথা বলে এবং কয়েকটি বই নেড়েচেড়ে দেখে। এক পর্যায়ে তারা মুখ চেপে ধরে গলায় ছুরি চালানোর চেষ্টা করে বলে ফাদার লুই জানান।
ওই তিন যুবকের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ফাদার লুই।
ঈশ্বরদী পৌর এলাকায় মনিরুল ইসলাম মনির নামে এক ব্যক্তির বাড়িতে তিনি ভাড়া থাকেন। হামলার ঘটনায় সোমবারই অজ্ঞাত পরিচয় কয়েকজনের নামে মামলা হয়েছে।






