বিনোদন

চারদিনেই হিট মোশাররফের ‘স্বর্ণমানব’

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব

সম্প্রতি চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার হয়েছে মোশাররফ করিম অভিনীত আলোচিত টেলিছবি ‘স্বর্ণমানব’। টেলিভিশনের সম্প্রচারের পর পরেই টেলিছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে নেয় চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। ইউটিউবে দেয়ার মাত্র চার দিনেই এখন পর্যন্ত নাটকটি সাড়ে সাত লাখবারের চেয়ে বেশি দেখা হয়েছে। যা এতো অল্প সময়ে খুব কম নাটক বা টেলিছবির ক্ষেত্রেই দেখা গেছে!

মোশাররফ করিম অভিনীত স্বর্ণমানব টেলিছবিটি এতো জনপ্রিয় হওয়ার কারণ কী? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা আবু হায়াৎ মাহমুদ নিজেই। তার মতে, টেলিছবিটি দর্শকের অতি পরিচিত বিষয়কে কেন্দ্র করে। খবরের কাগজে স্বর্ণ চোরাকারবারীর কথা শুনে শুনে মানুষ অভ্যস্ত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত টেলিছবির গল্পও যে কাউকে ছুঁয়ে যাবে। এবং হচ্ছেও তাই।

টেলিছবির গল্পে দেখা যায়, দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না করতে পেরে দুর্ভাগ্যক্রমে স্বর্ণচোরাচালানকারীর পেশা বেছে নেয় মোশাররফ করিম। এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়েন। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা। এমন টানটান উত্তেজনা নির্ভর গল্প নিয়েই চ্যানেল আইয়ে গত শুক্রবার রাত ৮টায় প্রচার হয় বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’।

শাহজালাল বিমানবন্দরে সত্যিকার সোনা চোরাচালানের ঘটনা অবলম্বনে এই বিশেষ টেলিছবিটি মইনুল খানের গল্প ও সার্বিক তত্ত্বাবধানে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। নাটকের বিভিন্ন চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন  মেহজাবিন, অপর্ণা ঘোষ, সুজাত শিমুল, রওনক হাসানের মতো অভিনেতারা।

চারদিনেই হিট মোশাররফের ‘স্বর্ণমানব’:

বিষয়:মোশাররফ করিম স্বর্ণমানব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…