চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে র্যাব এর এক সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত হুমায়ূন কবিরকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে র্যাব-১১ এর সদস্যরা।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, মুন্সীগঞ্জের শাহিদা, আমজাদ, রংপুরের মাহবুব ইসলাম, ও হাসানুজ্জামান। র্যাব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, র্যাব সদস্য হুমায়ূন কবির সোনারগাঁও উপজেলার মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তির কাছে ৬ লাখ টাকা দাবি করেন। বিভিন্ন ধরণের হুমকিও দিতে থাকেন। হুমায়ূন বিভিন্ন সময়ে মহসিনের কাছ থেকে এরই মধ্যে সাড়ে তিন লাখ টাকাও নিয়েছেন।
এক পর্যায়ে মোহাম্মদ মহসিন র্যাব-১১ এর সিও কে বিষয়টি জানান। আজ শনিবার দুপুরে হুমায়ূন সহযোগীসহ এক লাখ টাকা আনতে গেলে র্যাব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে তাদেরকে গ্রেফতার করে।







